বাতিল ৪৮ ইন্টারনেট সেবাদাতার ৭০ শতাংশই লাইসেন্স আপডেট করেছে

১৪ নভেম্বর, ২০২৩ ১৫:১১  

নোটিশ দেয়ার পর ৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে তাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স বিটিআরসিতে সমর্পণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তবে প্রকাশিত ৪৮ ইন্টারনেট সেবাদাতার নামের প্রায় ৭০ শতাংশই দেখা গেছে লাইসেন্স আপগ্রেড করে থানা থেকে জেলা কিংবা জেলা থেকে বিভাগীয় বা বিভাগীয় থেকে ন্যাশনওয়ারইড ইন্টারনেট সেবা দিচ্ছে। আর বাকি ৩০ শতাংশের মধ্যে কেউ কেউ ব্যবসা করছে না কিংবা অভিযুক্ত বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

তিনি জানিয়েছেন, বিটিআরসি তাদের নিয়ম অনুযায়ী আপগ্রেড প্রতিষ্ঠান, লাইসেন্স নবায়ন না করা প্রতিষ্ঠান ও ব্যবসায় বন্ধ করে দেয়া কিংবা দু’একটি অভিযুক্ত প্রতিষ্ঠানকে একচিঠিতে লাইসেন্স বাতিল করেছে। মূলত এটা একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি। লাইসেন্স বাতিলের ফলে লাইসেন্স প্রতিষ্ঠানের সংখ্যা যেমনটা কমেনি তেমনি কারো বিরুদ্ধে ‍গুরুতর অভিযোগ নেই।

এর আগে রবিবার বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক মো. নুরন্নবীর স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্টদের পাঠানো হয়।

বিজ্ঞপ্তেতে বলা হয়, ৪৮টি প্রতিষ্ঠানের নামের পাশে উল্লিখিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্স যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সমর্পণ হিসেবে বাতিল করা হলো। ওই লাইসেন্সসমূহের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ ও বিটিআরসি আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

এসব প্রতিষ্ঠানের নির্ধারিত ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের সঙ্গে যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন, সেবা গ্রহণ-প্রদান এবং আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে আইএসপি লাইসেন্স কমিশন বরাবর সমর্পণের নির্দেশনা দেওয়া হলো (প্রযোজ্য ক্ষেত্রে)।